দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেছেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার মুনিরা তাহের। তাফসির ও উলুমুল কুরআন বিষয়ে গবেষণা শেষে অনুষ্ঠিত থিসিস ডিসকাশন সেমিনারে তিনি সর্বোচ্চ ‘মুমতাজ’ (Excellent) গ্রেড লাভ করেন।
আল-আজহারের ‘ফ্যাকাল্টি অব ইসলামিক সায়েন্স ফর ফরেনার স্টুডেন্টস’-এর অধীনে আয়োজিত ওই সেমিনারে মুনিরার গবেষণা উপস্থাপন ও মূল্যায়ন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইমাম আহমদ আত-তাইয়্যিব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও গবেষকরা উপস্থিত ছিলেন।
মুনিরার গবেষণার বিষয় ছিল তাফসির ও উলুমুল কুরআন। তাঁর গবেষণার শিরোনাম—‘হুরূফুল মাআনি এবং পবিত্র কুরআনের দ্বিতীয়ার্ধের তাফসিরে এর প্রভাব—সংকলন ও পর্যালোচনা’। দীর্ঘ পর্যালোচনা শেষে সুপারভাইজার প্যানেল তাঁকে সর্বোচ্চ গ্রেড প্রদান করেন।
আল-আজহারের মাস্টার্স শিক্ষার্থী আহমাদুল্লাহ আল জামি মুনিরার একটি সাক্ষাৎকারে এসব তথ্য জানান। তিনি মুনিরার অর্জনকে বাংলাদেশের নারী শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর এই পথচলা অন্যদেরও উচ্চশিক্ষা ও গবেষণায় আগ্রহী করে তুলতে পারে।
মুনিরা তাহেরের জন্ম নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়। তাঁর বাবা মাওলানা মোহাম্মদ আবু তাহের দুর্গাপুর জামিউল উলূম কাচারি মাদ্রাসা ও ফাতিমা (রা.) মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা।
মুনিরা নিজ এলাকায় হিফজুল কুরআন সম্পন্ন করার পর দুর্গাপুর বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। উচ্চশিক্ষার জন্য ২০১০ সালে তিনি মিশরে যান। সেখানে ২০১৮ সালে অনার্স, ২০২১ সালে দশ কিরাত এবং ২০২২ সালে মাস্টার্স (তামহিদি) সম্পন্ন করেন। পরবর্তী সময়ে ২০২৩ সালে এমফিল গবেষণার জন্য নিবন্ধন করে প্রায় তিন বছর গবেষণা চালিয়ে এই সাফল্য অর্জন করেন।
দীর্ঘদিন আল-আজহারে পড়াশোনা ও গবেষণার পাশাপাশি মুনিরা বর্তমানে মিশরের ‘জামইয়্যা সুফারা আল-হিদায়া’-তে কুরআন শিক্ষিকা হিসেবে কাজ করছেন।