হেলাল শেখ ঢাকা সাভার প্রতিনিধি
ঢাকার শিল্পাঞ্চল সাভার, আশুলিয়া ও ইপিজেড এলাকার পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি, শ্রমিক অসন্তোষ নিরসন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশুলিয়া পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় তিনি শ্রমিকদের বেতন বৃদ্ধি, চলমান শ্রমিক অসন্তোষ নিরসন এবং শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন।
বক্তব্যে ডিআইজি মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার শামীমা পারভীন শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। পাশাপাশি আন্দোলনের নামে কেউ ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানানো হয়।
তারা শিল্পাঞ্চলের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে শ্রমিক, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্য এবং বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় শান্তি শৃঙ্খলা রক্ষায় ডিআইজি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। শিল্পাঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং শ্রমিক অসন্তোষ নিরসনে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন পুলিশের ডিআইজি।
Print News
Photo Card
More news like this..