Logo
প্রিন্টের তারিখ: 08 November 2026 | প্রকাশের তারিখ: Nov 8, 2026

সংবাদ শিরোনাম : গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন

গাঁওকান্দিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী নুরুজ্জামান রিপন


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৭ নং গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশা ব্যক্ত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. নুরুজ্জামান রিপন। তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

মো. নুরুজ্জামান রিপন গাঁওকান্দিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মো. লুৎফর রহমান খালেক। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০০৩ সালে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য হিসেবে তাঁর ছাত্ররাজনীতিতে হাতেখড়ি হয়। পরবর্তী সময়ে তিনি যুবদলের রাজনীতিতেও সক্রিয়ভাবে যুক্ত হন।

দলীয় সূত্রে তাঁর দেওয়া রাজনৈতিক জীবনবৃত্তান্ত অনুযায়ী, ২০০২ সালে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে ইউনিয়ন বিএনপির সদস্যসচিবের দায়িত্বেও ছিলেন। বর্তমানে তিনি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিজের রাজনৈতিক পথচলা সম্পর্কে নুরুজ্জামান রিপন জানান, দলীয় বিভিন্ন কর্মসূচি ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়। এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে উল্লেখ করেন।

চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশার বিষয়ে তাঁর বক্তব্য, দলীয় মনোনয়ন পেলে তিনি গাঁওকান্দিয়া ইউনিয়নের মানুষের প্রত্যাশা ও এলাকার উন্নয়নকে গুরুত্ব দিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চান।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাঁওকান্দিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। এরই মধ্যে নুরুজ্জামান রিপনের মনোনয়নপ্রত্যাশার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

এনবিডি বাংলা নিউজ

strong>© সকল কিছুর স্বত্বাধিকারঃ NBD BANGLA NEWS
সকল কারিগরি সহায়তায়ঃ BD IT SUPPORT
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF