হেলাল শেখঃ বিশেষ প্রতিনিধি NBD bangla
সারাদেশে এলপিজি সিলিন্ডার গ্যাস মজুদ রেখে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে কিছু ডিলার ও অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোক্তারা। এ পরিস্থিতিতে বাজার মনিটরিং ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মঙ্গলবার ও বুধবার (দুই দিন) সরেজমিনে সাভার ও আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা যায়, ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার, যার নির্ধারিত খুচরা মূল্য ২ হাজার ৬০ টাকা, তা বিক্রি করা হচ্ছে ২ হাজার ১০০ থেকে ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। অর্থাৎ প্রতিটি সিলিন্ডারে নির্ধারিত দামের চেয়ে ৪০ থেকে ৩৪০ টাকা পর্যন্ত বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডার মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রি করছেন। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্য কিনতে গিয়ে সাধারণ মানুষকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। এমন অনিয়ম চলতে থাকলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর আর্থিক চাপ আরও বাড়বে।
স্থানীয় ভোক্তারা বলছেন, বাজারে নিয়মিত অভিযান ও তদারকি না থাকায় কিছু ব্যবসায়ী নিজেদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে গ্যাস সিলিন্ডার বিক্রি করছেন। তাই নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করতে ডিলার ও খুচরা বিক্রেতাদের গুদাম এবং বিক্রয়কেন্দ্রে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার বলেন, “অভিযোগ পেলে অভিযান পরিচালনা করা হবে।”