দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পর্যটনকেন্দ্রিক উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা আরও আধুনিক, পরিকল্পিত ও আকর্ষণীয় করে তুলতে সুধীজন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহাসিক বিজয়পুর সাদামাটির পাহাড় এলাকায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি ভারপ্রাপ্ত খন্দকার শাকের আহমেদ, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া,পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আলকাছ উদ্দিন মীর, উপজেলা এনসিপির সভাপতি রেজাউল করিম, বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো.মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত। এ সময় বক্তব্য রাখেন দুর্গাপুর প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সভাপতি ওয়ালি হাসান কলি, উপজেলা বিএনপি প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াজুল করিম,কুলাগড়ায় ইউনিয়ন যুব দলের আহবায়ক রফিকুল ইসলাম,যুবদল নেতা নজরুল ইসলাম বাবু প্রমূখ।
সভায় দুর্গাপুরের পর্যটনশিল্পের সম্ভাবনা, পর্যটনকেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যটকদের নিরাপত্তা, যাতায়াতব্যবস্থার আধুনিকায়ন, পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বক্তারা বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, নদী, ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে দুর্গাপুর দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন এলাকা। বিশেষ করে বিজয়পুরের সাদামাটির পাহাড়, সোমেশ্বরী নদী, রানীখং মিশন, গারো পাহাড় ও আদিবাসী সংস্কৃতি এ অঞ্চলকে পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয় করে তুলেছে।
পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে হলে শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রচার নয়, প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন, আধুনিক পর্যটনসেবা, পর্যাপ্ত গণশৌচাগার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, পর্যটকদের বিশ্রামাগার, নিরাপদ যাতায়াত, পার্কিং সুবিধা এবং বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন। পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় স্থানীয় পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন, সংরক্ষণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে দুর্গাপুরকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগ স্থানীয় পর্যটনশিল্পের বিকাশ, সম্ভাবনাময় পর্যটনকেন্দ্রগুলোর উন্নয়ন এবং দুর্গাপুরের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..