দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুরে খিঁচুনি রোগে আক্রান্ত তিন বছরের শিশু রায়হানা আক্তারের চিকিৎসায় সহযোগিতা চেয়েছে তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থ শিশুটির চিকিৎসা ও ওষুধের খরচ বহন করতে হিমশিম খাচ্ছে পরিবারটি।
রায়হানা আক্তার উপজেলার বাকলজোড়া ইউনিয়নের গুজিরকোনা গ্রামের মাওলানা রোকনুজ্জামান ও তাসলিমা আক্তার দম্পতির একমাত্র মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে ভুগছে রায়হানা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত ওষুধ সেবন ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করাতে হচ্ছে। তবে সীমিত আয়ের কারণে মেয়ের চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার বিকেলে রায়হানার বাড়িতে গেলে অসুস্থতার কারণে শিশুটিকে খিঁচুনিতে আক্রান্ত হতে দেখা যায়। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার বাবা-মা।
রায়হানার বাবা মাওলানা রোকনুজ্জামান পেশায় একজন মাদরাসা শিক্ষক। তিনি জানান, মেয়ের চিকিৎসার পেছনে ইতোমধ্যে পরিবারের সঞ্চিত অর্থ ব্যয় হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার খরচ বহন করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
রায়হানার মা তাসলিমা আক্তার বলেন, ‘মেয়ের চিকিৎসা চালিয়ে যেতে আমাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমরা চাই, আমাদের মেয়েটি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক।’
এ অবস্থায় রায়হানার চিকিৎসায় সহযোগিতার জন্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের সহযোগিতা কামনা করেছে পরিবারটি। পাশাপাশি সামর্থ্যবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর কাছেও সহযোগিতার আবেদন জানিয়েছে তারা।
পরিবারের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রায়হানার চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত চালিয়ে নেওয়া সম্ভব হবে।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..