বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
‘শিক্ষকের পাশে, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় ভরপাশা ইউনিয়নের জামিনা মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা আনন্দঘন পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করেন।
শিক্ষক দিবসের তাৎপর্য তুলে ধরে পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেফালী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষকদের মর্যাদা, শিক্ষকতার গুরুত্ব এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একজন শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদান করার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, মূল্যবোধ ও মানবিক গুণাবলি বিকাশেও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একজন আদর্শ শিক্ষক শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করেন।
এ সময় শিক্ষার্থীদের শিক্ষকদের প্রতি সম্মান, শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের গুরুত্বও তুলে ধরা হয়। শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক একটি সুন্দর শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষকদের মধ্যে ছিলেন— সিনিয়র শিক্ষক (ইসলাম শিক্ষা) মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক (বাণিজ্য শাখা) মোহাম্মদ ফারুক আহমেদ, সিনিয়র শিক্ষক (সমাজবিজ্ঞান) মোহাম্মদ আইউব আলী খলিফা, সিনিয়র শিক্ষক (কৃষি) নূরুল ইসলাম গাজী, শিক্ষক (শারীরিক শিক্ষা) মোহাম্মদ মুজিবুর রহমান কাজী, সহকারী শিক্ষক (গণিত) মোহাম্মদ শাকিল খান, সিনিয়র শিক্ষক (সমাজবিজ্ঞান) বেগম সৈয়দুননেছা, সিনিয়র শিক্ষক (গ্রন্থাগার) মোহাম্মদ আলী আহসান, ট্রেড ইন্সট্রাক্টর (কারিগরি শাখা) মোহাম্মদ রেজাউল হাসান, ট্রেড ইন্সট্রাক্টর (কারিগরি শাখা) মোহাম্মদ রিয়াজ খান, সহকারী শিক্ষক (গণিত, কারিগরি শাখা) মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী শিক্ষক (ইংরেজি, কারিগরি শাখা) শারমিন আখতার, সহকারী শিক্ষক (ইংরেজি, সাধারণ শাখা) অনিক পাল এবং সহকারী শিক্ষক (পদার্থবিজ্ঞান, কারিগরি শাখা) সুব্রত মিত্র।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষকতার মর্যাদা এবং শিক্ষার্থীদের জীবনে শিক্ষকদের অবদানের বিষয়টি নতুন করে তুলে ধরা হয়।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..