আজকের তারিখ : | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দুর্গাপুরের পর্যটন উন্নয়নে সুধীজন ও সংশ্লিষ্টদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় দুর্গাপুরে জনমানুষের আস্থার নাম আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ধোবাউড়ায় সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে মানববন্ধন, আসামিদের গ্রেপ্তার দাবি ‎ আন্তর্জাতিক সীসা দূষণ প্রতিরোধ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আইসিডিডিআর,বি’র দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাকলজোড়ায় কৃষক কার্ডের তথ্য সংগ্রহ উদ্বোধন, অবৈধ লেনদেন ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন উখিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কন্যাশিশু দিবস পালিত, রিয়াদ বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় মুফতী নাসরুল্লাহ বদরের শাহাদাত সাতক্ষীরায় বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে তৃতীয় দফায় বস্ত্র বিতরণ সম্পন্ন বাবার আদর্শ অনুসরণ করে মানুষের পাশে থাকতে চাই মেম্বার প্রার্থী হাবিব মোল্লা হার্টে দুটি ছিদ্র ১১ বছরের মনিরার, চিকিৎসায় সহায়তা চান পরিবার আল-আজহার থেকে এমফিল, নতুন মাইলফলক দুর্গাপুরের মুনিরার উখিয়ায় নব গঠিত উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ধোবাউড়ায় বিশ্ব শিক্ষক দিবসে প্রধানমন্ত্রীর নিকট বৈষম্য দূরীকরণের দাবি শিক্ষক সমাজের
ad728

কোনো পথিক হিসেবে নয় — আমার সুসং দুর্গাপুর

প্রতিবেদকের তথ্য : News2
  • নিউজ প্রকাশের তারিখ : Nov 9, 2026
  • সংবাদটি দেখেছেন: 61
ছবির ক্যাপশন : কোনো পথিক হিসেবে নয় — আমার সুসং দুর্গাপুর

কিসের ভিন? কিসের দেশ?

সবচেয়ে আপন আমার এই প্রিয় মাটি।
বলছিলাম আমার দুর্গাপুরের কথা।

বহুদিন পর যখন ফিরি আমার আপন স্থানে,
আমার প্রিয় দুর্গাপুরে—

মনে হয়, সময়ের কত স্রোত বয়ে গেছে মাঝখানে। কত কিছু বদলে গেছে, কত চেনা মুখ হারিয়ে গেছে সময়ের ভিড়ে। তবুও এই মাটিতে পা রাখতেই মনে হয়, কোথাও যেন কিছুই বদলায়নি। সেই চেনা পথ, সেই চেনা বাতাস, আর বুকের ভেতর জমে থাকা একরাশ পুরোনো স্মৃতি।

এই পথেই তো কত বিকেল গড়িয়েছে, কত অকারণ হাসিতে মুখর হয়েছে দিন। কত সঙ্গী-সাথিকে নিয়ে ঘুরে বেড়িয়েছি এই মাটির বুকে। আজ সেই পথেই ফিরেছি, অথচ পাশে নেই সেই চেনা মুখগুলো। সময় এগিয়ে গেছে, বড় হয়ে গেছি আমিও; শুধু ফেলে আসা দিনগুলো যেন কোথাও থমকে আছে।

হঠাৎ এ হাওয়া আমাকে ডাক দিয়ে বলে,

“এটা তো তোরই স্বজন, তবে চিনতে এত কষ্ট কিসের?”

আমি তখন মৃদু হেসে বলি,

“এ আমার স্বজন, আমি তাকে ভুলি কী করে!”

কিছুদূর যেতেই মাটি আমাকে উপহাস করে বলে,

“কিরে, এটা তো তোরই ঠিকানা! নিজের ঠিকানা মনে আছে তো?”

আমি মৃদু হেসে বলি,

“এই পথ আমার খুবই চেনা, এ যে আমারই ঠিকানা! তবে বলো, কী করে ভুলি তাকে?”

এবার সে মুচকি হেসে বলে,

“তুই দেখি আগের মতোই রয়েছিস। শুধু পরিবর্তন হয়ে গেছে সময়, চলে গেছে তোর সঙ্গী-সাথিরা—যাদের নিয়ে ঘুরে বেড়াতি আমার বুকে। সেই দিনগুলোর কথা কি তোর মনে পড়ে? আমার কথা কি তোর মনে পড়ে? বাসিস আমায় ভালো? সে ভালোবাসার পরিমাণ কত?”

আমি কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে থাকি। চারপাশে চোখ বুলিয়ে যেন পুরোনো দিনগুলোকে খুঁজতে থাকি। তারপর ধীরে ধীরে জবাব দিই,

“আমি তোমাকে ভালোবাসি। তবে সে ভালোবাসার পরিমাণ অঙ্কে মাপা যাবে না গো। তবুও যদি তুমি জানতে চাও, তাহলে বলি—এই যে দেখছ সোমেশ্বরী নদী, বর্ষায় তার বুক যতখানি জলে ভরে ওঠে, আমার ভালোবাসাও ততখানিই তোমায় ঘিরে।”

আমার কথা শুনে সোমেশ্বরী নদীও চুপ করে থাকে না। সে আমাকে বলে,

“তুই কিন্তু অনেক কৃপণ হয়ে গেছিস! যেই দেখেছিস, আমার বুকে পানির পরিমাণ খুবই সামান্য, অমনি সেটাকেই উদাহরণ হিসেবে তুলে ধরলি!”

আমি তখন হেসে জবাব দিই,

“শোনো সোমেশ্বরী, আমি তোমার শীতের খালি বুকের কথা বলিনি গো, আমি তো বলেছি বর্ষায় তোমার বুকের কথা!”

আমার কথা শুনে নদী যেন একটু থেমে যায়। তারপর দীর্ঘশ্বাস ফেলে ফের বলে,

“তুই আর তোর মন আগের মতোই আছিস, শুধু তুই একটু বড় হয়ে গেছিস। অনেক বুঝিস, অনেক বলিস। তবে বড় হতে হতে আমাদের আবার ভুলে যাসনে! কত মানুষই তো আসে, কত মানুষই চলে যায়। সবাই কি আর ফিরে তাকায়? সবাই কি আর মনে রাখে তার ফেলে আসা দিনগুলো?”

নদীর কথাগুলো শুনে আমি কিছুক্ষণ চুপ করে থাকি।

সত্যিই তো, মানুষ বড় হয়, তার ব্যস্ততা বাড়ে, বদলে যায় তার চারপাশের পৃথিবী। জীবনের প্রয়োজনে একদিন হয়তো ছেড়ে যেতে হয় নিজের চেনা আঙিনা, প্রিয় মানুষ আর শৈশবের সেই দিনগুলো। কিন্তু তাই বলে কি শেকড়কে ভুলে যাওয়া যায়?

হয়তো আবারও ফিরব বহুদিন পর। হয়তো তখন আরও অনেক কিছু বদলে যাবে। পরিচিত মুখগুলো আরও অচেনা হবে, পুরোনো পথগুলোও হয়তো নতুন রূপ নেবে। তবুও এই মাটিতে পা রাখলে যদি একবারও মনে হয়—এখানেই আমার শুরু, এখানেই আমার শেকড়, তাহলেই বুঝব, আমি আমার দুর্গাপুরকে হারাইনি।

আমি তখন আমার প্রিয় মাটিকে উদ্দেশ করে বলি,

“এ মাটি সোনার খনি। তোমাদের কাছে আমার ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। তোমাদের বুকেই আমার বেড়ে ওঠা, তোমাদের হাওয়াতেই আমার শ্বাস নেওয়া, তোমাদের পথেই আমার প্রথম চলতে শেখা। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাদের মনে রাখব—আমার জন্মভূমি, আমার প্রিয় দুর্গাপুর।

তবে তুমি কিন্তু আমায় রেখো মনে। এক স্থায়ী বাসিন্দা হিসেবে, এক প্রজা হিসেবে—কোনো পথিক হিসেবে নয়।

আমি হয়তো জীবনের প্রয়োজনে দূরে থাকব, হয়তো বহুদিন তোমার পথে আমার পায়ের ছাপ পড়বে না। কিন্তু বিশ্বাস করো, দূরত্ব কখনো আমার শেকড় উপড়ে ফেলতে পারবে না। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আমার পরিচয়ের গভীরে লেখা থাকবে তোমারই নাম।

কারণ মানুষ অনেক জায়গায় আশ্রয় খুঁজে পায়, অনেক জায়গাকে ভালোও বাসে; কিন্তু জন্মভূমি তো একটাই। আর আমার সেই জন্মভূমি তুমি—আমার প্রিয় দুর্গাপুর।”

আমার সুসং দুর্গাপুর,

তোমার কাছে আমার ফিরে আসা যেন কোনো অতিথির আগমন না হয়। তোমার মাটিতে আমার পরিচয় যেন কখনো মুছে না যায়। সময় বদলাক, মানুষ বদলাক, বদলে যাক চারপাশের সবকিছু—তোমার প্রতি আমার এই টান যেন কোনো দিন না বদলায়।

আমার সুসং দুর্গাপুর, আমি তোমায় ভালোবাসি।

ইতি,
মো. নাইমুল হক স্মরণ

প্রিন্ট করুন ফটো কার্ড
ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..
ad728