দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
ইতিহাস ও ঐতিহ্যের স্মারক নেত্রকোনার দুর্গাপুরের ১৮৪০ সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরির বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ শুরু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হয়।
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও সংরক্ষণে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ স্থানীয়দের মধ্যে আশার সঞ্চার করেছে। জ্ঞানচর্চা ও শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা লাইব্রেরিটির উন্নয়নে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের আন্তরিক উদ্যোগ ও প্রচেষ্টা প্রশংসিত হচ্ছে।
বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদাত আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, সাবেক পৌর মেয়র শুভেন্দু সরকার পিন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, উপজেলা যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গণিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্থানীয়দের প্রত্যাশা, বাউন্ডারি ওয়াল নির্মাণের মাধ্যমে ঐতিহাসিক এ গ্রন্থাগারের নিরাপত্তা ও পরিবেশের উন্নয়ন ঘটবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে বই পড়া, জ্ঞানচর্চা এবং ইতিহাস-ঐতিহ্যের প্রতি আগ্রহ বাড়াতে প্রতিষ্ঠানটি আরও কার্যকর ভূমিকা রাখবে।
ইতিহাসের শেকড় ধরে রেখে ঐতিহ্য সংরক্ষণে দুর্গাপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক অগ্রযাত্রা।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..